ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইকমিশনার প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন যে বাংলাদেশিদের জন্য বর্তমানে বন্ধ থাকা ভারতীয় পর্যটন বা ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।


প্রণয় ভার্মা বলেন, ভিসা কার্যক্রম স্বাভাবিক করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং যখনই এটি পুরোদমে চালু হবে তখন সকলকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।


বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরে হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ক্রস বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে যেসব প্রকল্প চলমান রয়েছে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো কী হতে পারে, তা নিয়েও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন তিনি। 


দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রণয় ভার্মা মনে করেন, এই শক্তিশালী সংযোগ কেবল বর্তমান সময়ের জন্য নয় বরং দীর্ঘমেয়াদেও উভয় দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে।সচিবালয়ের এই বৈঠকে ভারতের বন্দর ব্যবহার করে পণ্য রপ্তানির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে। 


হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করেন যে, জ্বালানি ও অবকাঠামো খাতের এই দ্বিপাক্ষিক সহযোগিতা আগামীতে আরও নতুন মাত্রায় পৌঁছাবে। মূলত দুই দেশের অর্থনীতির মধ্যে আরও ভালো সংযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভিসা সংক্রান্ত অনিশ্চয়তা দূর করতে ভারতের হাই কমিশন কাজ করে যাচ্ছে বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑